সিস্টেমের কারণেই মানুষ এত বৈচিত্র্যময় এবং সুন্দর। মহান আল্লাহর তৈরি এই সিস্টেমের গভীরতা অসীম। আল্লাহ তায়লা যদি আমাদের প্রতিটি অপরাধের সাথে সাথেই শাস্তির বিধান রাখতেন তবে পৃথিবীটা অন্যরকম হতো। মানুষ তখন ভয়ে ট্রমাটাইজড হয়ে যেত এবং একদম রোবটের মতো আচরণ করত। ভয়ের কারণে তখন আর মানুষের স্বাভাবিকতা বা বৈচিত্র্য থাকত না।

এজন্যই মহান আল্লাহ আমাদের ইচ্ছের স্বাধীনতা দিয়েছেন। বিষয়টি অনেকটা আপনাকে একটি নতুন স্মার্টফোন দিয়ে সেটার ইউজার ম্যানুয়াল হাতে ধরিয়ে দেবার মতো। ফোনটি আপনি কীভাবে ব্যবহার করবেন সেটা আপনার ওপর নির্ভরশীল। আপনি যদি ফোনটি পানিতে ভেজান তবে ওয়ারেন্টি পাবেন না এবং ফোনটি নষ্ট হবে। ফোনটি সঠিক বা ভুল পথে ব্যবহার করাটা সম্পূর্ণ আপনার হাতে। ঠিক তেমনি পবিত্র কুরআন মাজীদ হলো মানবজাতির জন্য সেই ইউজার ম্যানুয়াল।
আমাদের একই সাথে চিন্তার স্বাধীনতা আর তাৎক্ষণিক শাস্তি দেওয়া উচিত নয় এবং আল্লাহ তায়লা ঠিক সেটাই করেছেন। পাপ করার সাথে সাথেই যদি আগুন এসে আমাদের পুড়িয়ে দিত তবে আমাদের ভুল শুধরানোর সময় বা সুযোগ কোথায় থাকত আর চিন্তার স্বাধীনতার অর্থই বা কী হতো। পৃথিবীতে আমরা মহান সৃষ্টিকর্তার এই বিচার ব্যবস্থার দর্শন ব্যবহার করে নিজেরা যেমন ভালো থাকতে পারি ঠিক তেমনি অন্যদেরও ভালো রাখতে পারি।