
এখন ডিজিটাল মার্কেটিং শেখার ধুম পড়ে গেছে। অনেকটা সরকারী চাকরি প্রত্যাশী আর বিদেশগামীদের মতোই।
সোশ্যাল মিডিয়া স্ক্রল করলেই হাজারো চটকদার বিজ্ঞাপন আর তাবিজ বিক্রেতাকে চোখে পড়ে। ঘরে বসে লাখ টাকা আয়ের স্বপ্ন, ফ্রিল্যান্সিং করে স্বাবলম্বী হওয়ার গল্প। আর এই স্বপ্নের ফাঁদে পা দিয়ে অনেকেই নিজেদের কষ্টার্জিত টাকা দিয়ে কোর্স কিনছেন। কিন্তু প্রশ্ন হলো, কেবল একটি প্রি রেকর্ডেড কোর্স কিনে ভিডিও দেখে কি ডিজিটাল মার্কেটিং শেখা যায়?
আমার সোজাসাপ্টা উত্তর হচ্ছে, না। যায় না।
যদি ভিডিও দেখেই সাঁতার শেখা যেত, তবে মাইকেল ফেলপস ইউটিউব দেখেই অলিম্পিক মেডেল জিততেন। পানিতে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, তেমনি রিয়েল ডলার বা টাকা খরচ না করলে ডিজিটাল মার্কেটিং শেখা যায় না।
থিউরী পড়ে আর যাই হোক সাইকেল তো চালানো শিখতে পারবেন না। এরজন্যে আপনার সবার আগে একখানা সাইকেলি দরকার হবে।
বার্নিং ছাড়া লার্নিং অসম্ভব
মার্কেটিংয়ের ভাষায় একটা কথা আছে, বার্নিং। এই বার্নিং মানে হলো নিজের পকেটের টাকা ইনভেস্ট করা এবং সেটা পুড়ে ছাই হতে দেখা। আপনি যখন প্রথম অ্যাড রান করবেন, তখন সম্ভবত কোনো রেজাল্ট আসবে না। আপনার টাকাটা নষ্ট হবে। এই যে লস হলো, এই ধাক্কাটা যখন আপনার বুকে লাগবে, ঠিক তখনই আপনার আসল শেখা শুরু হবে।
আপনি কেন ব্যর্থ হলেন, কেন অডিয়েন্স ক্লিক করল না, কেন সেল হলো না এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার নামই ডিজিটাল মার্কেটিং। কোনো কোর্সের ভিডিও আপনাকে এই অনুভূতি দিতে পারবে না। ইনভেস্টমেন্টের সাহস এবং লস মেনে নেওয়ার মানসিকতা না থাকলে এই জগত আপনার জন্য নয়।
আপনি ভাবতে পারেন আরেকজনের উপর দিয়ে চালায়ে দিবেন। যতো যাই বলেন কারো টাকা আপনি নষ্ট করবেন আর আপনাকে সে ছেড়ে কথা বলবে দুনিয়াতে এমন মানুষ পাবেন না।
আবার আপনি একজন নতুন মানুষ এইটা কেউ জানলে শুরুতেই আপনার থেকে সবাই একশ হাত দূরে গিয়ে থাকবে।
তবে কেউ পারে তার হাত ধরতে পারেন। তার একটু মাথাটা টিপে দিতে পারেন, বাজার করে দিতে পারেন, বাইকে ড্রপ দিয়ে সুবিধা দিতে পারেন। অনেকটা পার্সোনাল এ্যাসিসটেন্ট আরকি !
গুরুর হাত ধরা কেন জরুরি?
টাকা পুড়িয়ে শেখার সাহস সবার থাকে না, বা সবার সেই সামর্থ্যও থাকে না। তাহলে উপায় কী? দ্বিতীয় উপায় হলো গুরু ধরা। এখানে গুরু মানে এমন একজন মেন্টর যিনি নিজে এই পথ পাড়ি দিয়েছেন। যিনি জানেন কোথায় গর্ত আছে আর কোথায় মাইন পোঁতা আছে।
রেকর্ডেড ভিডিও দেখে আপনি যখন আটকে যাবেন, ভিডিও আপনাকে উত্তর দেবে না। কিন্তু একজন মেন্টর বা গুরু আপনাকে ওয়ান টু ওয়ান গাইড করবেন। আপনার ক্যাম্পেইন যখন কাজ করবে না, তখন যিনি ২৪/৭ সাপোর্ট দিয়ে আপনাকে গর্ত থেকে টেনে তুলবেন, তিনিই প্রকৃত শিক্ষক। ডিজিটাল মার্কেটিং কোনো থিওরি মুখস্থ করার বিষয় নয়, এটি প্রতিনিয়ত পরিবর্তনশীল এক যুদ্ধক্ষেত্র। আর যুদ্ধক্ষেত্রে একলা লড়ার চেয়ে একজন অভিজ্ঞ সেনাপতির অধীনে লড়া অনেক বেশি নিরাপদ।
যাদের জন্য এই পেশা নয়
এখন সবচেয়ে তিক্ত সত্য কথাটা বলি। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ভাবছেন, একটা কোর্স করলেই টাকা আর টাকা। তাদের জন্য আমার পরামর্শ, দয়া করে এই পথে আসবেন না।
আপনার যদি ধৈর্য না থাকে, যদি পকেটের টাকা রিস্ক নেওয়ার সাহস না থাকে, অথবা শেখার জন্য রাত জাগার মানসিকতা না থাকে, তবে ডিজিটাল মার্কেটিং আপনার জন্য নয়। এটি কোনো ‘গেট রিচ কুইক’ স্কিম নয়। এখানে টিকে থাকতে হলে আপনাকে প্রতিনিয়ত শিখতে হবে, হোঁচট খেতে হবে এবং আবার উঠে দাঁড়াতে হবে।
শুধুমাত্র টাকার লোভে বা হুজুগে পড়ে কোর্স কিনে নিজের সময় এবং অর্থ নষ্ট করবেন না। যদি ভেতর থেকে প্যাশন অনুভব করেন, যদি লস করার পরেও লেগে থাকার জেদ থাকে, শুধুমাত্র তখনই এই জগতে পা বাড়ান। নতুবা, এই মরীচিকার পেছনে দৌড়ানো বন্ধ করুন।
সিদ্ধান্ত আপনার, আপনি কি শুধুই ভিডিও দেখবেন, নাকি আগুনের ওপর দিয়ে হেঁটে নিজেকে খাঁটি ইস্পাতে পরিণত করবেন?
One Response
একমত। Ekjon digital marketer Er mokhe emon kotha shune bhalo laglo.