কিছু মানুষ আমাদের জীবনে আসেন শুধু সঙ্গী হয়ে নয়, বরং আমাদের জীবনকে নতুনভাবে দেখতে শেখাতে। আমার জীবনে তেমনই একজন মানুষ আমার আদরের প্রিয়তমা স্ত্রী এমিলী।
মহান আল্লাহ তায়ালার পক্ষ থেকে আমার জীবনে পাওয়া শ্রেষ্ঠ উপহারগুলোর একটি হলো আমার প্রিয়তমা স্ত্রী। যাকে আমি জীবনের সবচেয়ে খারাপ সময়ে যেমন পাশে পেয়েছি, তেমনি পেয়েছি সবচেয়ে ভালো সময়গুলোতেও। সুখে-দুঃখে, সংকটে কিংবা সম্ভাবনায় তার উপস্থিতি আমার জীবনের এক মূল্যবান প্রাপ্তি।
আমাদের চিন্তাচেতনা সব সময় একরকম হয় না। অনেক বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গির পার্থক্য রয়েছে। কিন্তু সুন্দর ব্যাপার হলো, আমরা বেশিরভাগ ক্ষেত্রেই পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করি। অনেক সময় সে আমার চেয়ে অনেক বেশি ভালো বোঝে। তার কোনো কথা যখন যৌক্তিক মনে হয়, তখন নিজের অবস্থান থেকে সরে এসে তা মেনে নিতেও আমার দ্বিধা হয় না।
আমি জানি, সে তার অর্জিত জ্ঞানকে শুধু নিজের মধ্যে ধারণ করে রাখে না; বরং বাস্তব জীবনে তার প্রয়োগ ঘটাতে জানে।
এমন অনেক ঘটনা ঘটেছে, যখন কোনো ক্লায়েন্টের মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে আমি ভীষণ দুশ্চিন্তায় ছিলাম। ঠিক সেই মুহূর্তে সে এমন কিছু কার্যকর সমাধান বের করে দিয়েছে, যার ফলাফল সংশ্লিষ্ট ব্যবসার জন্য কোটি টাকারও বেশি রাজস্ব অর্জনে ভূমিকা রেখেছে। আবার এমন দিনও গেছে, যখন আমার হাতে একদম টাকা ছিল না। ঠিক সেই মুহূর্তে নিজের সামর্থ্য অনুযায়ী কয়েক হাজার টাকা আমার হাতে তুলে দিয়েছে।
এসব ঘটনা হয়তো বাইরে থেকে খুব সাধারণ মনে হতে পারে। কিন্তু একজন মানুষের কঠিন সময়ে আরেকজন মানুষের পাশে দাঁড়ানোর মূল্য কখনো টাকার অঙ্ক দিয়ে পরিমাপ করা যায় না।
তার সবচেয়ে সুন্দর গুণ: মানবিকতা
শুধু আমার নয়, আমার পরিবার, তার পরিবার এবং আশপাশের মানুষের প্রতিও তার আলাদা যত্ন ও মনোযোগ রয়েছে। তার অন্যতম বড় গুণ হলো মানবিকতা। এই গুণটিই আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করে।
সে মানুষের সঙ্গে প্রতিযোগিতা করার চেয়ে সহযোগিতা করতেই বেশি পছন্দ করে। অন্য কারও আনন্দে সে আনন্দিত হয়, অন্যের অর্জনকে নিজের প্রাপ্তি হিসেবে দেখতে পারে।
আমার মনে হয়, একজন মানুষ যখন অন্যের আনন্দ ও প্রাপ্তিকে নিজের আনন্দের অংশ করে নিতে পারেন, তখন তার মন অনেক বেশি সরল ও নিষ্পাপ হয়ে ওঠে।
বাইরে বের হলে মানুষের ছোট ছোট সুখের গল্প, দুঃখের গল্প কিংবা জীবনের বিচিত্র অভিজ্ঞতাগুলো তার নজর এড়িয়ে যায় না। চারপাশের মানুষের ছোট ছোট বিষয়ও সে গভীরভাবে পর্যবেক্ষণ করে। সেসব নিয়ে আমার সঙ্গে নিয়মিত আলোচনা করে।
মানুষের প্রতি এই সংবেদনশীলতা এবং অন্যের অনুভূতিকে গুরুত্ব দেওয়ার ক্ষমতা সত্যিই অসাধারণ।
ভালোবাসা মানে কাউকে নিজের মতো করে গড়ে তোলা নয়
আমি হয়তো তার জন্মদিনে রাত ১২টায় খুব লম্বা কোনো স্ট্যাটাস লিখতে পারিনি। হয়তো তাকে সমাজের প্রচলিত অর্থে কোনো প্রতিষ্ঠিত পরিচয় বা বড় কোনো ডেজিগনেশন দিতে পারিনি। এসব কারণে তাকে কখনো কখনো কথা শুনতেও হয়। কিন্তু সে নিজের মতো করে সেসব পরিস্থিতি সামলে নেয়।
আমার কাছে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ মনে হয় আপনি যদি কোনো মানুষকে সত্যিকার অর্থে চিনতে চান, তার ভেতরের সম্ভাবনা, প্রতিভা ও সৌন্দর্য দেখতে চান, তাহলে তাকে ভালোবাসতে হবে তার নিজের মতো করেই।
এটা খুব সহজ কাজ নয়।
আমরা অনেক সময় অন্য মানুষকে নিজের মতো করে দেখতে চাই। নিজের চিন্তা, পছন্দ, প্রত্যাশা ও বিশ্বাসের আয়নায় অন্যকে বিচার করি। এমনকি ভালোবাসার নামেও অনেক সময় নিজের ইচ্ছা অন্যের ওপর চাপিয়ে দিই।
অথচ মানুষকে তার মতো করে বাঁচার স্বাধীনতা দেওয়া, তার চিন্তাকে গুরুত্ব দেওয়া এবং তার নিজস্ব সত্তাকে সম্মান করাই প্রকৃত ভালোবাসার অন্যতম প্রকাশ।
বিশ্বাস করুন, আপনি যখন আশপাশের মানুষগুলোকে যথেষ্ট স্বাধীনতা, ভালোবাসা ও গুরুত্ব দেবেন, তখন তাদের ভেতরের এমন অনেক সৌন্দর্য আবিষ্কার করবেন, যা হয়তো আগে কখনো কল্পনাও করেননি।
একসময় দেখবেন, সেই মানুষগুলোই আপনার জীবনের সবচেয়ে বড় সহায়ক হয়ে উঠেছে। যেন কোনো এক অদৃশ্য শক্তি আপনার পথচলাকে সহজ করে দিচ্ছে।
জীবন তো গল্পে গল্পে এগিয়ে চলার নাম
আমরা আসলে সময়ের সঙ্গে ভ্রমণ করছি পৃথিবীর এই জীবনটায়। আমাদের জীবন অনেকটা ভাসমান কচুরিপানার মতোকোথায় গিয়ে থামব, শেষ পর্যন্ত কী অপেক্ষা করছে, তার কিছুই নিশ্চিতভাবে জানি না।
এমন এক অনিশ্চিত জীবনের যাত্রাপথে তার সঙ্গে পরিচয়, একসঙ্গে কিছুটা সময় কাটানো, গল্পে গল্পে দিন পার করা—এসবই আমার কাছে অনেক বড় প্রাপ্তি।
জীবনের প্রতিটি দিন যে অসাধারণ হবে, এমন কোনো কথা নেই। কখনো আনন্দ, কখনো অভিমান, কখনো মতের অমিল, কখনো কঠিন বাস্তবতা সবকিছু নিয়েই আমাদের পথচলা।
তবু এই ক্ষুদ্র জীবনে আমার প্রত্যাশার তুলনায় প্রাপ্তির পরিমাণ অনেক বেশি। আর সে কারণেই মহান আল্লাহ তায়ালার প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই।
আমার সেই কৃতজ্ঞতার একটি বিশাল অংশজুড়ে রয়েছে আমার প্রিয়তমার অবদান।
সে হয়তো জানে না, তার ছোট ছোট সহযোগিতা, মানবিক আচরণ, বাস্তবসম্মত পরামর্শ কিংবা কঠিন সময়ে পাশে দাঁড়ানোর ঘটনাগুলো আমার কাছে কতটা মূল্যবান।
সবকিছুর জন্য তোমাকে ধন্যবাদ, প্রিয়তমা।
শেষ কথায়, তোমার জন্য ভালোবাসা ও দোয়া
জীবনের এই চলমান গল্পে আমরা যেন একে অপরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে পারি। আমাদের চিন্তার পার্থক্যগুলো যেন দূরত্ব তৈরি না করে, বরং একে অপরকে আরও ভালোভাবে বুঝতে শেখায়।
মহান আল্লাহ তায়ালা তোমাকে সুস্থ রাখুন, সুন্দর রাখুন, তোমার জ্ঞান, প্রজ্ঞা ও মানবিকতাকে আরও সমৃদ্ধ করুন। তোমার জীবনের প্রতিটি ভালো চাওয়া পূর্ণ হোক। তোমার পথচলা হোক আনন্দময় ও কল্যাণময়।
তোমার জন্য দোয়া আর ভালোবাসা অবিরাম।
ভালোবাসি প্রিয়তমা, তোমাকে অনেক বেশি।
I Love You, Sonamoni. ❤️
শুভ জন্মদিন